বুধবার ৪ নভেম্বর ২০২৬

বার কাউন্সিলের নির্বাচন বুধবার: লড়াই নীল-সাদায়

Bar1438751037দেশের আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার ২৬ আগস্ট। প্রতি তিন বছর পরপর আইনজীবীদের এ বৃহৎ প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী সারাদেশের মোট ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সম্মিলিত সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল প্যানেল) প্যানেলের মধ্যে হবে মূল লড়াই।

বুধবার ২৬ আগস্ট  সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে স্থাপিত ভোটকেন্দ্রসহ দেশের সব জেলার দেওয়ানি আদালতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোতে সকল দেওয়ানি আদালতের বিচারকগণ প্রিজাইডিং অফিসারে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর ১৪ জন আইনজীবীর সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

সাধারণ আসনে সাত এবং সাতটি গ্রুপ আসনে প্রত্যেক এলাকার স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে সাতজনকে নির্বাচিত করবেন। এছাড়া বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দূর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছাসহ ৭৭টি কেন্দ্রে ভোট প্রদান করা যাবে।

এর আগে বার কাউন্সিল ঘোষিত সংশোধিত তফসিল অনুসারে ২০ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল। গত ১৭ মে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত ও বার কাউন্সিল আইন (সংশোধন) ২০০৩ চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। ওই রিটের শুনানি নিয়ে ২১ মে হাইকোর্টের বেঞ্চ বার কাউন্সিল নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে আপিল বিভাগ বার কাউন্সিলের নির্বাচনের জন্য ২৬ আগস্ট পুনঃনির্ধারণ করেন।

বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন,‘বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে ফেলেছে। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি সব দলীয়করণের বিরুদ্ধে স্বোচ্চার রয়েছে। সরকারের প্রত্যক্ষ মদদে কিছু আইনজীবী নিবার্চনে অংশ নিয়েছে।’ তিনি বলেন, ‘আইনজীবীরা যখন নির্যাতিত হয়েছে, বিচারকদের অপসারণের বিধান বাতিল করে ক্ষমতা সংসদের হাতে নিয়েছে, বিচারকদেরকে চাপে রাখার জন্য তখন ওইসব আইনজীবী কোনো প্রতিবাদ করেনি। তখন তারা কোথায় ছিলেন,’ এমন প্রশ্ন রাখেন তিনি।

মাহবুব হোসেন আরও বলেন, ‘নির্বাচন এর আগেও হয়েছে, এখন জাতীয় পরিচয়পত্র এবং অমোছনীয় কালির ব্যবহার আইনজীবীদের জন্য অপমানজনক। এর আগে ৪০ বছরেও এর ব্যবহার করা হয়নি। যারা নির্বাচনে পোলিং এজেন্টের দ্বায়িত্ব পালন করবেন তারা যেন প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরসহ ফলাফলের অনুলিপি পায় আশা করি প্রধান বিচারপতি সেই ব্যবস্থা নেবেন।’

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, ‘গত তিন মাস ধরে প্রচার চালিয়েছি। ভোটারদের বিপুল সাড়া পেয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ তিনি বলেন, ‘জয়ের পর বড় চ্যালেঞ্জ হচ্ছে বার কাউন্সিলকে গুছানো। বার কাউন্সিলটাকে একেবারে এলোমেলো করে রেখেছে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।’

সাদা প্যানেল: সাধারণ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন- ব্যারিস্টার এম আমীর উল ইসলাম (ব্যালট নং-১৬), আব্দুল বাসেত মজুমদার (ব্যালট নং-২), আব্দুল মতিন খসরু (ব্যালট নং-৩), ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ (ব্যালট নং-২৭), পরিমল চন্দ্র গুহ (ব্যালট নং-১৩), জেড আই খান পান্না (ব্যালট নং-১০), শ ম রেজাউল করিম (ব্যালট নং-২৮)।

এছাড়া সাদা প্যানেলে গ্রুপ-এ প্রার্থী হয়েছেন গোলাম মোস্তফা খান (ব্যালট নং-৩), গ্রুপ-বি মো. আবদুল বাকী মিয়া (ব্যালট নং-৩), গ্রুপ-সি কবির চৌধুরী (ব্যালট নং-২), গ্রুপ-ডি কাইমুল হক রিংকু (ব্যালট নং-৩), গ্রুপ-ই আব্দুল মালেক (ব্যালট নং-২), গ্রুপ-এফ মো. ইসহাক (ব্যালট নং-২) ও গ্রুপ-জি থেকে একেএম হাফিজুর রহমান (ব্যালট নং-১) ।

নীল প্যানেল: সাধারণ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (ব্যালট নং-৯), এ জে মোহাম্মদ আলী (ব্যালট নং-১), ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (ব্যালট নং-৭), মো. সানাউল্লাহ মিয়া (ব্যালট নং-২৫), মো. বদরুদ্দোজা বাদল (ব্যালট নং-২০), মো. বোরহানউদ্দিন (ব্যালট নং-৬), মো. মহসিন মিয়া (ব্যালট নং-২১)।

এছাড়া নীল প্যানেলে গ্রুপ আসনে প্রার্থী হয়েছেন-গোলাম মোস্তফা খান

গোলাপী প্যানেল : নির্বাচনে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন- সুব্রত চৌধুরী (ব্যালট নং-৩১), শাহ মো. খসরুজ্জামান (ব্যালট নং-২৯), একেএম. জগলুল হায়দার আফরিক (ব্যালট নং-০৮), আব্দুল মোমেন চৌধুরী (ব্যালট নং-০৪), সারওয়ার-ই-দীন (ব্যালট নং-৩০), মো. হেলাল উদ্দিন (ব্যালট নং-২৬), মো. শামছুল হক (ব্যালট নং-২৪)।

অপর একটি প্যানেলের নাম আইনজীবী ঐক্য পরিষদ। যার নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন