রাজধানীর মিরপুরের বিহারী ক্যাম্প কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত নয়জনের পরিবারের সদস্য ও আহত ফারজানাসহ ক্ষতিগ্রস্তদেরকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
কালশীর অগ্নিসংযোগের ঘটনায় নিহত নয় জনের পরিবারের সদস্য আহত ফারজানাসহ ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেয়ায় নির্দেশনা চেয়ে মঙ্গলবার ওই ক্যাম্পের সদস্য শহীদ আলী বাবলুসহ দুই উর্দুভাষীর করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হালিম চাকলাদার। রিটটি ফাইল করেছিলেন আইনজীবী হাফিজুর রহমান খান। স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশে কমিশনার, মিরপুর জোনের ডিসি, ডিবির যুগ্ম-কমিশনার, পল্লবী থানার ওসিসহ নয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ জুন শবে বরাতের রাতে আতশবাজিকে কেন্দ্র করে কালশীর ওই ক্যাম্পে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় কয়েকটি ঘরে আগুন দেয়া হলে একই পরিবারের নয়জন পুড়ে মারা যান। এছাড়া আজাদ নামে একজন পুলিশের গুলিতে নিহত হন। একই পরিবারের নয় জনের মধ্যে আহত হন ফারজানাও।


