র্যাব আইন মেনেই কাজ করছে। আর যদি কেউ অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তাই র্যাব পরিবর্তন করা হচ্ছে না। পরিবর্তনের কোনো কারণও নেই। বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার প্রশ্নে মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজুর বন্দুকযুদ্ধে মৃত্যুর বিষয়ে মামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরজুকে অপহরণ ও হত্যার অভিযোগে র্যাবের চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদের আদালত। এর আগে রোববার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন নিহত আরজুর বড় ভাই মাসুদ রানা।
র্যাবের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ তুলে র্যাব পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কারণে র্যাব তৈরি হয়েছিল সেভাবেই কাজ করছে তারা। র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনসম্মতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


