বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাগরে গণডাকাতি: ৫ ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ

kidnafবঙ্গোপসাগরের ডুবো জাহাজ পয়েন্টে মাছধরার ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটেছে। জলদস্যুরা এ সময় ৫ ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

অপহৃত ট্রলারের মধ্যে এফবি বাবা-মায়ের দোয়া ট্রলারের মোস্তফা মাঝি, সোলায়মান, জামাল হোসেন, মিজান ও শানু মিয়া, এফবি মায়ের আর্শিবাদ ট্রলারের বশির মাঝি, এফবি বশির ট্রলারের মাঝি মাসুম মিয়া, এফবি পিমন ট্রলারের লাল চান মাঝি, এফবি আল্লাহর দান ট্রলারের সোহরাব মাঝির নাম তাৎক্ষণিকভাবে জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র জলদস্যু বাহিনী মাছ ধরার জেলে বহরে হামলা চালিয়ে ৫০টি মাছ ধরার ট্রলারে লুটপাট চালিয়ে মাছ ও রসদসামগ্রী নিয়ে যায়। ডাকাতরা জেলে বহর থেকে ৫টি ট্রলারসহ ৫০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে।

জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও জানান, দস্যু বাহিনী নিজেদের রাজু বাহিনী বলে পরিচয় দিলেও তারা আসলে রাজু বাহিনী নয়। এটি পুরান বাহিনীগুলোর সদস্যদের সমন্বয়ে নতুন কোনো বাহিনী হতে পারে। অপহৃত জেলেদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া, পিরোজপুর ভান্ডারিয়ার চরখালী ও বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় বলে তিনি আরও জানা গেছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এস এ রউফ জানান, ডাকাতির খবর তারা জেনেছেন। যেহেতু ঘটনাস্থল পশ্চিম জোনের আওতায়, তাই কোস্টগার্ড পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা অভিযানে নেমেছে। তাদের অভিযানও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন