ক্রিকেটার জীবনে ইতি টানতে টানতেই দেশের হয়ে একটি গুরুদায়িত্ব পালনের প্রস্তাব পেলেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কা তাঁকে ব্রিটেনে নিজেদের হাইকমিশনার পদে নিযুক্ত করতে চায়। সোমবার দ্বিতীয় টেস্টের পুরষ্কার বিতরণী মঞ্চ থেকেই সাঙ্গাকারকে এই প্রস্তাব দেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মৈত্রিপাল সিরিসেনা। তবে বরাবরের লাজুক এই ক্রিকেট লেজেন্ড বিষয়টি নিয়ে ভাবার আশ্বাস দিয়েছেন।
সাঙ্গাকারা বলেছেন, “বিষয়টি নিয়ে আমি অবশ্যই ভাবব। এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান ও দক্ষতা আছে কিনা সেটাও ভাবার বিষয়।” তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমার সাঙ্গাকারা। তবে কি ক্রিকেটর জীবনে ইতি টেনে এবার পাকাপাকিভাবে রাজনীতিতে আসতে চলেছেন সাঙ্গাকারা। তিনি নিজে অবশ্য কিছুদিন আগেই জানিয়েছেন, এখুনি রাজনীতিতে আসার তাঁর কোনও ইচ্ছে নেই।
সোমবার সাঙ্গাকারা তাঁর জীবনের শেষে টেস্ট খেললেন ভারতের বিরুদ্ধে। তাঁর দল ভারতের কাছে ২৭৮ রানে হারলেও টেস্টের শেষে উৎসবের নাম ছিল কুমার সাঙ্গাকারা। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছিলেন এ বছরের গোড়ায় বিশ্বকাপের পরই তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নির্বাচকদের অনুরোধে আরও কয়েকটা টেস্ট খেলতে রাজি হন তিনি। মাসকয়েক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টেস্টে বারো হাজার রান পূর্ণ করেন কুমার সাঙ্গাকারা, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। টেস্ট, ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টি এই তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সাঙ্গাকারার মোট রানের সংগ্রহ প্রায় ২৭ হাজার, সাচিন তেন্ডুলকারের ঠিক পরেই। টেস্টে ডাবল সেঞ্চুরির সংখ্যাতেও তিনি শুধু ডন ব্র্যাডম্যানের পেছনে।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


