বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্কুলছাত্রী হত্যায় সিলেটে ২ জনের যাবজ্জীবন

1436853335দীর্ঘ প্রায় ৭ বছর আগে সিলেটের কানাইঘাট উপজেলার কেওড় গ্রামে স্কুলছাত্রী স্বপ্না বেগম (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মো. মড়াই মিয়া ও হামদু মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোস্তাক আহমদ (৩১) ও ইসমাইল আলী (৩১)।

মামলার বিবরণে জানা যায়, মোস্তাক ও তার সহযোগি ইসমাইল ২০০৭ সালের ২১জুন স্বপ্নাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান । পরে গলা কাটা অবস্থায় পাশ্ববর্তী একটি টিলা থেকে স্বপ্নার লাশ উদ্ধার করে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তারা স্কুলছাত্রী স্বপ্নাকে হত্যা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা আকদ্দছ আলী বাদী হয়ে মোস্তাক ও ইসমাইলকে আসামি করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন