বুধবার ৪ নভেম্বর ২০২৬

মৌলবাদীদের বিরুদ্ধে বিশ্ব নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

arefin siddiqueধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে নাজমুল করিম স্টাডি সেন্টার আয়োজিত ‘মৌলবাদী রাষ্ট্র গঠন’ শীর্ষক নাজমুল করিম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মৌলবাদীরা হত্যা-শিরোচ্ছেদের মতো নৃশংসতার মাধ্যমে বিশ্ব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব নেতৃত্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে অসাম্প্রদায়িক চেতনার লালন ক্ষেত্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল এই বিশ্ববিদ্যালয়েও মৌলবাদের বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এদের ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।

শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু সকল পশ্চাৎপদতা থেকে দেশকে মুক্ত করে আধুনিক ও অসাম্প্রদায়িক জাতি গড়তে চেয়েছিলেন। তিনি উপলদ্ধি করেছিলেন উন্নত শিক্ষা ব্যবস্থা ছাড়া মানুষের মানসিকতার উন্নয়ন সম্ভব নয়। এ কারণে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ এবং ড. কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন।

অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নেহাল করিম।

আরও পড়ুন