বুধবার ৪ নভেম্বর ২০২৬

লাইভ চলাকালে ২ টিভি সাংবাদিককে গুলি করে হত্যা

Virginia_bg_386650138যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় টেলিভিশনে লাইভ ইন্টারভিউ চলার সময় একজন টিভি সাংবাদিক ও এক ফটোগ্রাফারকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে ভার্জিনিয়ার মোনেটার নিকটবর্তী ব্রিজওয়াটার প্লাজায় ঘটনাটি ঘটেছে। নিহত টিভি রিপোর্টারের নাম অ্যালিসন পার্কার এবং ফটোগ্রাফারের নাম অ্যাডাম ওয়ার্ড।

মার্কিন সংবাদমাধ্যম বলেছে, তারা উভয়ই ডব্লিউডিবিজে টেলিভিশনে কাজ করতেন। স্থানীয় সময় সকাল ছয়টা ৪৫ মিনিটে মোনেটার ব্রিজওয়াটার প্লাজার কাছে টেলিভিশনে অনুষ্ঠান চলার সময়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। বন্দুকধারী ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায়।

নিহত অ্যালিসন পার্কার জেমস ম্যাডিসন ইউনিভার্সিটি স্কুল অব মিডিয়া আর্টস অ্যান্ড ডিজাইন থেকে সাংবাদিকতার ডিগ্রি নেন। ডব্লিউডিবিজেতে যোগ দেয়ার আগে তিনি সিএনএনএ‘র সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউসিটিআই এ কাজ করতেন।

এদিকে এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সাংবাদিকের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, এক নারীর সাক্ষাৎকার নেয়ার সময় গুলিবিদ্ধ হচ্ছেন দুই সাংবাদিক। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে গুলির শব্দ। এ সময় হতবিহ্বল হয়ে পড়েন টেলিভিশন চ্যানেলটির সংবাদপাঠিকা।

আরও পড়ুন