জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টার জন্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। আরো বলেন, দেশে যখন লাখো বন্যার্ত মানুষ সরকারি ত্রাণ ও সহায়তার অভাবে দারুণভাবে বিপন্ন, পেঁয়াজ-মরিচসহ নিত্যপণ্যের মূল্য নাগালের বাইরে চলে যাওয়ায় জনগণ যখন ভীষণ ক্ষুব্ধ, ক্ষমতাসীন দলের ও জোটের অভ্যন্তরীণ বিবাদে সরকার যখন বিব্রত, খুন-খারাবি যখন চরম পর্যায়ে, গুম-খুন-শিশু হত্যা-নারী নির্যাতন-চাঁদাবাজি এমনকি হিন্দু সম্প্রদায়ের সম্পদ দখলের ঘটনা যখন সর্বকালের রেকর্ড অতিক্রম করে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। ঠিক সেই সময় জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টার অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও চার্জশিট জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মো. মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ আরো অনেকে।


