বিত্তবান পুরুষদের টার্গেট করে ডাকাত দলের নারী সদস্যের মাধ্যমে প্রথমে প্রেমের ফাঁদে ফেলা হয়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে দলের মেয়েদের সঙ্গে বিবস্ত্র অবস্থায় ছবি তুলে মানসম্মানের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করা এমন সাত সদস্যসহ আরও পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।
ঢাকার পল্লবীর কালসী এলাকা থেকে দেশী অস্ত্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাত অপহরণকারী এবং মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
কালসী থেকে আটকরা হলেন— মো. লিয়াকত আলী, মো. কামরুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে কামাল, মো. নাজমুল হক দিদার, মো. রুহুল আমিন ওরফে রিপন, ওবায়দুর রহমান বতু ও মেরেুন নেছা কেয়া। কল্যাণপুর থেকে আটকরা হলেন— মো. কামাল হোসেন, মো. বাদশা, মো. আসমত আলী, মো. রিমন ও মো. সাবু।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (মিরপুর) মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য জানান।
তিনি বলেন, কালসী এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নারী সদস্যসহ সাত অপহরণকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছথেকে তিনটি ছোরা, একটি রামদা, দুটি খেলনা পিস্তল ও ১০টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এ দলের নারী সদস্য কেয়া প্রথমে বিত্তবান পুরুষদের টার্গেট করেন। পরে টার্গেট ব্যক্তির সঙ্গে কৌশলে কথা বলে নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে যান।
কাইয়ুমুজ্জামান আরও বলেন, নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার পর এ বাহিনীর অন্য সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে জিম্মি করেন। পরে ভুক্তভোগী ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়া এবং অস্ত্রের ভয় দেখিয়ে দলের মেয়েদের সঙ্গে বিবস্ত্র অবস্থায় ছবি তুলে মানসম্মানের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হয়। টাকা আদায়ের পরে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ছেড়ে দিয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
উপ-কমিশনার আরও বলেন, বুধবার বিকেল ৫টার দিকে মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্যদের আটক করে পুলিশ। এ সময়ে তাদের কাছথেকে তিনটি ধারালো অস্ত্র, একটি মিনি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ণ-১১-৮৬৫০) উদ্ধার করা হয়।
তিনি বলেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাজধানীসহ আশপাশের জেলা শহরে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো তারা।


