বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাওলি দামের সঙ্গে শাকিবের মিলছে না

Paoli_Sakibগত সপ্তাহে ভারত থেকে ঘুরে এলেন ‘সত্ত্বা’ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল। তাঁর ইচ্ছে, কিছু দিনের মধ্যেই ছবির বাকি শুটিং শেষ করতে চান। ছবির শুটিং আটকে রয়েছে শিল্পীদের শিডিউল সংক্রান্ত জটিলতার কারণে। ছবির নায়িকা পাওলি দামের শিডিউলের সঙ্গে শাকিব খানের শিডিউল মেলাতে পারলেই শুটিং শুরু করা সম্ভব হবে।

কল্লোল বলেন, “আমি তিন দিন আগে দেশে ফিরেছি। পাওলি দামের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই শুটিং শেষ করতে চাই। ভারতে যেমন পাওলি ব্যস্ত সময় পার করছে, তেমনি নায়ক শাকিব খানের অবস্থাও একই। একের পর এক ছবিতে কাজ করছেন তিনি (শাকিব)। কোনো বিরতি নেই তাঁর। এখন থাইল্যান্ডে ‘রাজাবাবু’ ছবির শুটিং করছেন। দেশে ফিরলেই তাঁর সঙ্গে শিডিউল মিলিয়ে শুটিংয়ের নতুন তারিখ ঘোষণা করব। তবে আমি ছবিটি নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে চাই না। মনে রাখতে হবে এটা চলচ্চিত্র, যে কারণে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না।”

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্ত্বা’ ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও পাওলি দাম। এ ছাড়া আরো অভিনয় করছেন- নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় গত বছরের ১৬ নভেম্বর থেকে দৃশ্যায়নের কাজ শুরু হয়। চিত্রগ্রহণের কাজ করছেন টি ডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এ ছবিতে মোট ছয়টি গান থাকছে। এগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুখ।

আরও পড়ুন