বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিলবোর্ড: শহর নোংরা করে এখন বাঁচার আকুল আবেদন

billboard-585x350ঢাকা শহররে ভবনের দৃর্শ্যায়ন ও পরিবেশ নষ্ট করে স্থাপন করা বিলবোর্ড ব্যবসায়ীরা এখন বাঁচার আকুল আবেদন করছেন। শহর নোংরা করার সময় শত আবেদনও এরা সরেনি। বরং দৃষ্টিকটূভাবেই বিভিন্ন স্থানে বিলবোর্ডের অনুমোদন বাগিয়ে নেয়। এখন ঢাকা মহানগরীর বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল বলেন,‘ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ও আবাসিক ভবনের ছাদে বাৎসরিক ভাড়ার ভিত্তিতে বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি বিজ্ঞাপন বোর্ড স্থাপন ও প্রচার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এই শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা উত্তরকাল থেকে এই আউটডোর বিজ্ঞাপন ব্যবসা ধীরে ধীরে আজ একটি শিল্পে পরিণত হয়েছে। ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার-পরিজনসহ লাখ লাখ মানুষ এর সঙ্গে জড়িত। হঠাৎ করে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ আমাদের পর্যাপ্ত সময় না দিয়ে একতরফাভাবে বিলবোর্ড উচ্ছেদ করছে। এতে লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ঘাম ও শ্রমে গড়ে ওঠা এ শিল্প ধ্বংসের মুখে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা জানতে চেয়েছি সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে সকল বিলবোর্ড উচ্ছেদ করে ফেললে এর পরিবর্তে কী বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন? তারা আমাদের জানিয়েছে, এলইডি বিলবোর্ড স্থাপন করা হবে। এক একটি এলইডি বিলবোর্ডের দাম পড়ে এক থেকে দেড় কোটি টাকা এবং ভালোমানের এলইডি বিলবোর্ডের দাম দুই থেকে আড়াই কোটি টাকা। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে এত টাকা বিনিয়োগ করা সম্ভব নয়।’

এছাড়াও যে দেশে রাস্তায় ইট রাখলে তা চুরি হয়ে যায়, রাস্তার মাঝখানের কাঁটাতার চুরি করে নিয়ে যাওয়া হয়, সে দেশে এলইডি বিলবোর্ড কীভাবে চিন্তা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ রাসেল দাবি করেন, ঢাকা শহরে কোনো অবৈধ বিলবোর্ড নেই। প্রতিটি বিলবোর্ড সরকারের অনুমতি নিয়ে করা হয়েছে।

এ শিল্প রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ও নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

মানববন্ধনে অংশ নেন- আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য সোহরাব হোসেন, সমন্বয়কারী রাশেদুজ্জামান প্রমুখ।

মানববন্ধন শেষে এলজিআরডিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খামারবাড়ি থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালনের ঘোষণা দেয় সংগঠনটি।

আরও পড়ুন