সিলেট মহানগরীর সুবিদবাজারে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাঁদের গ্রেপ্তার করে।
এঁরা হলেন কানাইঘাট উপজেলার পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াহিয়া ওরফে মান্নাম রাহী ও মোহাইমিন নোমান ওরফে এ এ এম নোমান।
পরে তাদের সিলেট মেট্রোপলিটনের প্রথম আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানিয়েছেন, কয়েক মাস আগে সিলেট মহানগরীর মুন্সীপাড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ফারাবির সূত্র ধরে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৭ জুন অনন্ত হত্যা মামলায় সিলেটের স্থানীয় একটি দৈনিকের আলোকচিত্রী ইদ্রিছ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১২ মে নগরীর সুবিদবাজারে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর এর দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন টুইট করে।


