বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার বরখাস্ত হলেন জামালপুর পৌরসভার মেয়র

Jamalpur-Mayorজামালপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো চিঠি পাননি বলে জানান মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর শহরে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে শহরে বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জামালপুর সদর থানায় ও দ্রুত বিচার আদালতে পৌর মেয়রসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়। দুটি মামলায় মেয়র বর্তমানে জামিনে রয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত বরখাস্ত আদেশের প্রজ্ঞাপনে বলা হয়, ‘ওই দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী মেয়রকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

প্রজ্ঞাপনে আদেশপ্রাপ্তির তিনদিনের মধ্যে এক নম্বর প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন