একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করতে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এসময় তিন পথচারীকে চাপা দিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলে ঘাতক বাস। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম পারভিন আক্তার (৩২)। তিনি গেন্ডা এলাকায় থেকে আল-ইসলাম গার্মেন্টেসে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করতে গিয়ে সড়ক ছেড়ে ফুটপাতে পথচারীদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত অন্তত পাঁচজনকে উদ্ধার করে আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দুটি রিকশার ওপর উঠে যায়। এসময় বাসটি তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় রিকশা চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান খান । জানান, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।


