বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক: বিএনপি

riponগ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণ বিরোধী বলে আখ্যায়িত করেছে বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এমন প্রতিক্রিয়া জানান। এ সিদ্ধান্ত বাতিল করে দাম নির্ধারণে পুনরায় গণ শুনানির আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে জনদুর্ভোগ নেমে আসার পাশাপাশি ব্যাহত হবে শিল্পোৎপাদন। বিএনপির এ মুখপাত্র বলেন, এই সরকার বিনাভোটে নির্বাচিত। তাই জনগণের কাছে সরকারের জবাবদিহিতা না থাকায় ইচ্ছামতো গ্যাস ও বিদ্যুৎতের দাম বাড়ানো হচ্ছে। জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত হলে বর্তমান সরকার জবাবদিহিতার কথা ভাবতো।

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে রিপন বলেন, আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমে গেছে তখন দেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি অযৌক্তিক। সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্তের ফলে মানুষ আরেক দফা দুর্ভোগে নিপতিত হবে। মানুষ সংসার চালাতে আরো হিমশিম খাবে।

রিপন বলেন, সরকারের ভেতর থেকে যখন কেউ কেউ গ্যাস ও বিদ্যুতে দাম কমানোর দাবি জানিয়েছে। তখন তা এটাই প্রমাণ করে যে বিএনপি জনগণের কথা বলে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারমান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপেদষ্টা আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন