মেঘনায় তীব্র ভাঙনের কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল টানা ৫ দিন ধরে বন্ধ রয়েছে। শনিবার ফেরি চালু করার কথা থাকলে ঘাট তৈরি না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এতে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন।
অপরদিকে ভাঙন রোধ আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেছেন এলাকার অর্ধ লাখ মানুষ। গতকাল শুক্রবার মাগরিবের আযানের আগ মুহূর্ত পর্যন্ত নদীর পাড় এলাকার ইলিশা চত্বরে চলে এ দোয়া-মোনাজাত। গত এক মাসে মেঘনায় ভয়াবহ ভাঙনে ভোলা-লক্ষ্মীপুর সড়কের এক কিলোমিটারসহ বিলীন হচ্ছে ইলিশা ও রাজাপুর ইউনিয়নের অনেকাংশ।
এদিকে দোয়া মোনাজাতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ইলিশা এলাকায় জমায়েত হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন এলাকার ১১৩ বছর বয়সী মুরব্বী মাওলানা আনোয়ারুল হক । এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা ও স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।
পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্সের একটি দল ওই এলাকায় ভাঙন রোধে পরীক্ষামূলক বালুভর্তি জিও টিউব ব্যাগ ডাম্পিং করতে শুরু করছেন বলে জানান নির্বাহী প্রকৌশলী আব্দুল আকিম।
ভোলা প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


