বুধবার ৪ নভেম্বর ২০২৬

দৈনিক রানার সম্পাদক খুনের বিচার ১৭ বছরেও শেষ হয়নি

M7যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যার ১৭ বছর আজ। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে, শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে ফেরার পথে, দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি। কিন্তু ১৭ বছরেও; শেষ হয়নি এর বিচার কাজ। নানা জটিলতায় এ মামলার বিচারকাজ আটকে থাকায়; হতাশ তার স্বজন ও সহকর্মীরা।

হত্যার আট বছর পর, ২০০৬ সালের ১৫ জুন, সাংবাদিক মুকুল হত্যা মামলার চার্জ গঠন করা হয় যশোর আদালতে। এরপর চার বছর ধরে চলে সাক্ষ্যগ্রহণ। জবানবন্দি রেকর্ড করা হয় ২৫ জনের। কিন্তু বিবাদীর আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালে মামলার কার্যক্রম স্থগিত করে দেন উচ্চ আদালত। সেইসাথে পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়।

২০১৪ সালে পুলিশ সম্পূরক চার্জশিট দিলে, মামলার কার্যক্রম আবার শুরু হয়। কিন্তু একজন আসামি চার্জশিট থেকে তার নাম বাদ দিতে, উচ্চ আদালতে আবেদন করেন। এরপর আবার স্থবির হয়ে পড়ে মামলার কার্যক্রম। আর বারবার সাংবাদিক মুকুল হত্যা মামলার এমন পরিণতিতে ক্ষুব্ধ যশোরের সাংবাদিকরা।

আশ্বাসের পর আশ্বাসে, বিশ্বাস হারিয়েছেন নিহত সাংবাদিক মুকুলের স্বজনেরা। তবে সমস্যা কাটিয়ে শিগগিরই এ মামলার কার্যক্রম শেষ হবে বলে আশাবাদী সহকারী পাবলিক প্রসিকিউটর। সাংবাদিক মুকুল স্মরণে দিনভর নানা কর্মসূচি নিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন