বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রশ্নপত্রে ভুল: ফেল করা ছাত্রীকে ভর্তির নির্দেশ

DNMC২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ‘ভুল’ থাকায় ইফরিত বিনতে ইউনুছ নামে এক শিক্ষার্থীর প্রাইভেট মেডিকেলের ভর্তির প্রয়োজনীয় খরচ এবং একটি সরকারি মেডিকেলে ভর্তির ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

ওই ছাত্রীর পক্ষে আদালতে শুনানি করেন তার বাবা এ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালত থেকে বেরিয়ে ডেপুটি এ্যাটর্নি জেনারেল একরামুল হক সাংবাদিকদের বলেন, ‘ওই শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ নামেরপ্রাইভেট মেডিকেলে ভর্তি হন। এ জন্য তার যে পরিমাণ খরচ হয়েছে তা তৎকালীন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং পরিচালকের (হেলথ এ্যান্ড মেডিকেল এডুকেশন) ব্যক্তিগত তহবিল থেকে দিতে হবে এবং তাকে গোপালগঞ্জের সায়েরা খাতুন মেডিকেল কলেজে ভর্তি করাতেও নির্দেশ দেন আদালত।’

জানতে চাইলে ইউনুছ আলী আকন্দ বলেন, ‘প্রশ্নপত্রে ভুল থাকায় আমার মেয়ে পরীক্ষায় পাস করতে পারেনি। পরে বেসরকারি ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হতে তার খরচ হয় প্রায় ১৫ লাখ টাকা।’ তিনি বলেন, ‘২০১২-১৩ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩৮টি ভুল ছিল। ভুল প্রশ্নের বৈধতা নিয়ে ওই সময়ে হাইকোর্টে আমি একটি রিট আবেদন করি। প্রশ্নপত্রে ভুল না হলে আমার মেয়ে পরীক্ষায় পাস করত।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরের ৫ মার্চ প্রশ্নপত্রে সাতটি ভুল চিহ্নিত করে হাইকোর্ট আমার মেয়েকে একটি সরকারি মেডিকেলে ভর্তির নির্দেশ এবং বেসরকারি মেডিকেলে আমার মেয়েকে ভর্তিকে যে টাকা খরচ হয়েছে তা দিতে নির্দেশ দিয়েছেন।’

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিলে যান রাষ্ট্রপক্ষ। রবিবার আপিল বিভাগ বিষয়টি নিষ্পত্তি করে রায় দেন।

আরও পড়ুন