কুমিল্লায় ট্রাক উল্টে ৭ নির্মাণ শ্রমিক নিহত ও আরো ৬ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, টিন বোঝাই একটি ট্রাক (ট- ১১১২২৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৬ জন নিহত হয়। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
ট্রাকটির উপর কিছু লোক বসা ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়লে তারা টিনের নিচে পড়ে যায় । এসময় কুমিল্লার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ৬ জনের লাশ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। পাঁজজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ময়নামতি পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের বেশিরভাগ লোকজনের বাড়ি দিনাজপুর এলাকায়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


