পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নামলে এমন বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে, যা কয়েকদশক মনে রাখবে ভারত, এমনই হুঁশিয়ারি দিলেন পাক-প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মুহম্মদ আসিফ। ভারত-পাক সীমান্তের কাছে শিয়ালকোটে কুন্দুনপুর গ্রামে একটি সাংবাদিক সম্মেলনে ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন, পাক-সেনাবাহিনী যেকোনও মূল্যে তাঁদের মাতৃভূমি রক্ষা করতে বদ্ধপরিকর।
আসিফের অভিযোগ, ভারত তাদের দেশে ‘সন্ত্রাসবাদ’কে মদত দিচ্ছে। তিনি বলেন, ভারতের আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে। তারা চায় সীমান্তে সবসময়ই অব্যাহত থাকুক উত্তেজনা। ভারতের বিরুদ্ধে সীমান্তে বিনা উস্কানিতে গুলি চালানোর অভিযোগও তুলেছেন তিনি। তিনি আরও বলেছেন, ভারতের এই ‘কাপুরুষোচিত কাজ’ পাকিস্তানবাসীদের মাতৃভূমির প্রতি টান আরও বাড়িয়ে তুলেছে।
তাঁর অভিযোগ, নিজেদের আভ্যন্তরীন ব্যর্থতা ঢাকতে সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে ভারত। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে জেনারেল অ্যাসেম্বলি-র মিটিংয়ে পাক-প্রধানমন্ত্রী তাদের দেশের ব্যাপারে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন। আসিফের দাবি, সেই অভিযোগ প্রমাণ করার উপযুক্ত তথ্যপ্রমাণ হাতে রয়েছে পাকিস্তানের। উল্লেখ্য, গত ২৩ অগাস্ট ভারত-পাক জাতীয় নিরাপত্তা (এনএসএ) পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যায়।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


