বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত-শ্রীলঙ্কা কলম্বো টেস্টে হঠাৎ উত্তেজনা

IND-SRI_31-08-15ভারতের শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মা তখন ক্রিজে। হঠাৎই উত্তাপ ছড়িয়ে পড়ল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। শ্রীলঙ্কার পেসার ধাম্মিকা প্রসাদের টানা তিনটি বাউন্সারে বিপর্যস্ত ইশান্ত ফিল্ডারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন।

দীনেশ চান্দিমাল তো কাঁধ দিয়ে ধাক্কাই দিয়ে বসলেন ভারতের দীর্ঘদেহী পেসারকে। ঘটনা সামলাতে দুই আম্পায়ার নাইজেল লং আর রড টাকারকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো। তৃতীয় টেস্টের ঘটনাবহুল চতুর্থ দিন শেষে ভারত সুবিধাজনক অবস্থানে। ৩৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৩ উইকেটে ৬৭ রান নিয়ে। অর্থাৎ ১-১ সমতায় থাকা সিরিজ জিততে মঙ্গলবার শেষ দিনে ভারতের চাই ৭ উইকেট, আর শ্রীলঙ্কার ৩১৯ রান।

ব্যাটিংয়ের সময় হেনস্তার ‘প্রতিশোধ’ অবশ্য বল হাতে নিতে দেরি করেননি ইশান্ত। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে নিজের ষষ্ঠ বলেই উপুল থারাঙ্গাকে (০) উইকেটরক্ষক নামান ওঝার ক্যাচ বানিয়েছেন তিনি। চান্দিমালও (১৮) ইশান্তের বলে স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন। এই দুই উইকেটের মাঝে দিমুথ করুনারত্নেকে (০) কট বিহাইন্ড করেছেন উমেশ যাদব। ২১ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকদের বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ওপেনার কৌশল সিলভা। দিনশেষে সিলভা ২৪ ও ম্যাথিউস ২২ রানে অপরাজিত।

এর আগে ৩ উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা ভারতের দ্বিতীয় ইনিংস ২৭৪ রান পর্যন্ত যেতে পেরেছে সম্মিলিত প্রচেষ্টায়। রবিচন্দ্রন অশ্বিন (৫৮), রোহিত শর্মা (৫০), স্টুয়ার্ট বিনি (৪৯), অমিত মিশ্র (৩৯) আর অভিষিক্ত নামান ওঝার (৩৫) দৃঢ়তা লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছে অতিথিদের। যে সংগ্রহের ওপরে ভর করে ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ‘টিম ইন্ডিয়া’।

ধাম্মিকা প্রসাদের শর্ট বলটা দারুণভাবে ডাক করলেন ইশান্ত শর্মা। তবে ‘ওভার স্টেপে’র কারণে বলটা হলো ‘নো’। হেসে দিলেন ইশান্ত। প্রসাদ তো রেগেমেগে আগুন! একচোট লেগেই গেল ইশান্তের সঙ্গে। আম্পায়ারদের হস্তক্ষেপ। প্রসাদের ওই ওভারে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল। লঙ্কান সমর্থকেরা আফসোস করতে পারেন, গোটা দিনেই যদি শ্রীলঙ্কা এভাবে জিতত! আসলে খণ্ড খণ্ড লড়াইয়ে জেতা ভারতের দিকেই হেলে রইল কলম্বো টেস্ট।

শেষ দিনে আর সাতটি উইকেট নিতে পারলে ইতিহাস গড়বে বিরাট কোহলির ভারত। শচীন টেন্ডুলকার, সৌ​রভ গাঙ্গুলি, অনিল কুম্বলে ও মহেন্দ্র সিং ধোনির দল যেটা পারেনি। শ্রীলঙ্কা গিয়ে টেস্ট সিরিজ জিতে আসা!

আক্রমণাত্মক মেজাজের অধিনায়ক হিসেবে পরিচিত কোহলি দ্বিতীয় ইনিংসে দলের অল আউট পর্যন্ত অপেক্ষা করবেন, অনুমান করা কঠিনই ছিল। ভারত ২৭৪ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়াল ৩৮৬ রান। চতুর্থ ইনিংসে এ লক্ষ্য পেরোনো এমনিতেই কঠিন। কাজটা আরও কঠিন করে দিলেন উপুল থারাঙ্গা ও দিমুথ করুণারত্নে। দুই লঙ্কান ব্যাটসম্যানই ফিরেছেন ডাক মেরে। একপর্যায়ে স্কোরবোর্ডে রান ও উইকেটসংখ্যা ছিল সমান: ২-২! ১৮ রানে দিনেশ চান্ডিমালও ফিরলে শ্রীলঙ্কার বিপর্যয় আরও ঘনীভূত হয়। ২১ রানে নেই ৩ উইকেট!

কুশল সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুসের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির তোলা ৪৬ রান স্বাগতিকদের কতটা স্বস্তি দিচ্ছে কে জানে। ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কাকে শেষ দিনে এখনো করতে হবে ৩১৯ রান। আর সাতটি উইকেট তুলে নিলেই টেস্ট সিরিজ জিতবে ভারত। ২২ বছর পর লঙ্কার মাটিতে হবে ভারতের সিরিজ জয়।

শ্রীলঙ্কা আফসোস করতে পারে, লক্ষ্যটা আরও নাগালেই থাকতে পারত। ১১৮ রানে পড়েছিল ভারতের ৫ উইকেট।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কোহলি-রোহিতও ফিরে গিয়েছিলেন। রোহিত দেশের বাইরে ২৩ ইনিংসে নিজের মাত্র চতুর্থ ফিফটি তুলে আউট হয়েছেন। ভারতের মিডল ও লোয়ার অর্ডার আবারও রানের জোগান দিল। স্টুয়ার্ট বিনি ৪৯, নমন ওঝা ৩৫, অমিত মিশ্র ৩৯ আর নয়ে নেমে ইনিংস সর্বোচ্চ ৫৮ করলেন রবিচন্দ্রন অশ্বিন।
লঙ্কানরা আরও ৩১৯ রান করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আ​ছে। এ মাঠে চতুর্থ ইনিংসে ৩০০-র বেশি তাড়া করে জেতার রেকর্ড একটাই, সেটিও ১৭ বছর আগের ঘটনা। ভারতের কাজটা তুলনামূলক সহজ। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ইশান্ত-যাদবরা যেভাবে একের পর এক ছোবল তুলছেন, কোহলিদের ইতিহাস গড়া যেন সময়ের ব্যাপার।

আরও পড়ুন