সেনাবাহিনীর একটি রেকারের চাকায় পিষ্ট হয়ে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে স্থানীয় যুবলীগ নেতা নূরুল ইসলাম জাবেদ নিহত হয়েছেন। ঢাকা-রায়পুর মহাসড়কের বিসমিল্লাহ রোডে রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ স্থানীয় রামকৃষ্ণপুর গ্রামের মৃত অজি উল্যার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা নূরুল ইসলাম জাবেদ চন্দ্রগঞ্জ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি রেকার লক্ষ্মীপুর যাচ্ছিল। নূরুল ইসলাম সেনাবাহিনীর গাড়িটি ওভারটেক করার সময় পিছনের চাকার নিচে পড়ে যান। এ সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।


