দেশ ও গণতন্ত্রের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগকে অভয় দিয়ে খালেদা জিয়া বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয়, আমরা জাতীয় ঐক্যের রাজনীতি করতে চাই। আপনাদের অভয় দিচ্ছি, যে আচরণ আমাদের সঙ্গে করেছেন, সে আচরণ আপনাদের সঙ্গে করবো না।
তিনি বলেন, নির্ভয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, এই নির্বাচনে বিজয়ী দল রাষ্ট্র পরিচালনা করুক। এ দেশের জনগণ পরিবর্তন চায়। আমরাও পরিবর্তন চাই। নির্বাচনের মাধ্যমেই সেই পরিবর্তন হোক।
বিএনপি চেয়ারপারসন বলেন, এ দেশে আওয়ামী লীগ ও বিএনপি পর্যায়ক্রমে ক্ষমতায় আসবে। অন্য কোনো দলের ওপর জনগণের আস্থা নেই। সেজন্য দেশ ও গণতন্ত্রের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।
তিনি বলেন, সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর সেই নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। সম্ভাব্য ওই নির্বাচন প্রক্রিয়াকে যে নামেই ডাকা হোক না কেন, তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে খালেদা জিয়া বলেন, কুইক রেন্টালে দেয়া ভর্তুকির জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ছাত্রলীগকে মানুষ মারার লাইসেন্স দিয়েছে সরকার।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


