বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘শেয়ার বাজারে দরপতনের প্রভাব দেশে পড়বে না’

photo-1440437774সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী শেয়ার বাজারে দরপতন হলেও এর কোন প্রভাব দেশের বাজারে পড়ার আশঙ্কা নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন যেহেতু দেশিয় কোন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজরে তালিকাভুক্ত নয় তাই বাংলাদেশ অনেকটাই নিরাপদ অবস্থান রয়েছে। বিশ্বব্যাপী এই ঘটনায় আতঙ্কের কিছু নেই বরং চীনের মুদ্রা ও শেয়ার বাজারের পতনে আমাদের আমদানিকারকরা লাভবান হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

চীনের মুদ্রা ইউয়ানের মান কমার কয়েক দিনের মধ্যেই শুরু হয় চীনের শেয়ার বাজারের দরপতন। যার প্রভাবে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব পুঁজিবাজার। গত দু’সপ্তাহ ধরে টানা সূচক হারায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পুঁজিবাজার। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নিক্কেই একদিনে সাড়ে ৪ শতাংশের বেশি এবং প্রতিবেশী ভারতে বিসএসই সেনসেক্স সূচক কমে প্রায় ৬ শতাংশ।

এদিকে, গত দু’সপ্তাহ ধরে টানা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে দেশের প্রধান দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসই’তেও। তবে একে বিশ্ববাজারের প্রভাব মানতে নারাজ বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, আন্তর্জাতিক পুঁজিবাজারের সাথে বাংলাদেশের কোন সম্পৃক্ততা নেই। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের শেয়ার বাজার পতনে আমাদের আতঙ্কের কিছু নেই। বরং এর ফলে দেশের আমদানিকারকরা লাভবানই হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শেয়ার বাজারের ধসের কারণ অনুসন্ধানের মাধ্যমে আমাদের সতর্ক অবস্থানে থাকারই পরামর্শ সংশ্লিষ্টদের।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন