বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সরকার পতনে বিএনপিকে ঢেলে সাজানো হবে’

hannan shah...সরকার পতনের জন্য কঠোর আন্দোলন করতে বিএনপিকে ঢেলে সাজানো হবে। এমটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ। বলেন, দলের নতুন কমিটিতে শুধু নিবেদিত প্রাণ কর্মীরাই থাকবে, ফাঁকিবাজদের কোনো স্থান হবে না। আমরা অতীতে অবৈধ এ সরকারের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলন করেছি। এবার দল পুনর্গঠন করে এ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল আয়োজিত ‘বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বলেন, বর্তমান সরকারকে বলার কিছুই নেই। যে সরকার ‘বিশ্ব বেহায়া’ এরশাদের সাথে জোট বেঁধে বড় বড় কথা বলছে তাকে বলার কিছুই থাকে না। এখন খবরে দেখা যায়, জলাবদ্ধতায় ঢাকা তলিয়ে গেছে। কিছুদিন পরে এভাবেই খবরে দেখা যাবে, আওয়ামী লীগ তলিয়ে যাচ্ছে।

হান্নান শাহ বলেন, আগস্ট মাস আওয়ামী লীগের শোকের মাস। কিন্তু দেখা যায় এ শোকের মাসেই তাদের দলীয় একজন কেবিনেট মন্ত্রী মঞ্চে বসে গান গায়। এই যদি হয় তাদের শোকের মাসের চিহ্ন তাহলে তাদের কিছু বলার থাকে না। এভাবে চলতে থাকলে জনগণ তাদের ভালোই বাসবে।

তিনি বলেন, কারফিউ জারির পর গুলি করার অর্ডার থাকলেও আগে এ ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, রাস্তায় দেখা মাত্রই বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে মারা হচ্ছে। তারা ভাবছে, বন্দুকের গুলির ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকা যাবে। কিন্তু এটি স্থায়ী নয়।

তিনি আরও বলেন, কিছু মিডিয়া উল্লেখ করে, বিএনপি ভেঙে গেছে। আমি বলছি, বিএনপি শেষ হওয়ার মতো দল নয়। যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে দল শেষ হতে পারে না। সময় মতো ঠিকই জেগে উঠবে।

আরও পড়ুন