ভারতের আসাম রাজ্যে গত কয়েকদিনের বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় দু’জনের মৃত্যু হয়। অব্যাহত ভারী বর্ষণের কারণে ব্রহ্মপুত্র নদসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে ১৬ টি এলাকা।
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গৃহহারা হয়েছে রাজ্যের কয়েক হাজার মানুষ। ক্ষতি হয়েছে ফসলি জমিসহ গবাদিপশু। এরই মধ্যে ২১৪টি সরকারি সহায়তা কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৮৫ হাজার মানুষ। রাস্তা-ঘাট প্লাবিত ও গাছপালা ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। এরইমধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দেশটির যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এ সময় তিনি, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।
ভারতের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, ‘রাজ্যের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণ সহায়তা দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
গুয়াহাটি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


