এ রকম তুলকালাম ঘটনা, হাড় হিম করা সাসপেন্স আর জটিল মনস্তত্ত্ব— কটা কাহিনিতে মেলে? সারা দেশ জুড়ে এখন তাই কেবল দুটো নাম ঘুরছে সবার মুখে মুখে— ইন্দ্রাণী আর শিনা, শিনা আর ইন্দ্রাণী! সেই উৎসাহকেই এ বার কাজে লাগাতে চলেছে বলিউড। এই মুহূর্তে মুখোপাধ্যায় পরিবারের যে বিপর্যয় কেড়ে নিয়েছে সারা দেশের ঘুম, তাকেই সেলুলয়েডে হাজির করতে চলেছেন বলিউডের তাবড় পরিচালকেরা।
এ ব্যাপারে সবার প্রথমে এগিয়ে রয়েছেন রাখি সাবন্ত। জোর কানাঘুঁষো, ‘এক কহানি জুলি কি’ নামে যে ছবিতে অভিনয় করছেন তিনি, সেটার চিত্রনাট্য তৈরি হয়েছে পিটার মুখোপাধ্যায়ের পারিবারিক বিপর্যয় নিয়ে। রাখি সাবন্ত সেই ছবিতে অবতীর্ণ হয়েছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে। শিনার ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি।
অন্য দিকে, মহেশ ভট্টরও চোখ পড়েছে মুখোপাধ্যায় পরিবারে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘অব রাত গুজরনেবালি হ্যায়’ নামে একটা ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবির গল্পটা এক মা আর তার মেয়ের সম্পর্কের টানাপড়েন নিয়ে। স্পষ্টই জানিয়েছেন বর্ষীয়ান পরিচালক, তাঁর এই ছবিতে ইন্দ্রাণী-শিনার সম্পর্কের ছায়া থাকবে। তবে কারা অভিনয় করবেন ইন্দ্রাণী আর শিনার ভূমিকায়, সে সব এখনও ঠিক করে উঠতে পারেননি ভট্টবাবু।
মহেশ ভট্টর পরেই বলিউডের আর এক পরিচালক মণীশ সিংহ রীতিমতো আগ্রহ প্রকাশ করেছেন ইন্দ্রাণী আর শিনাকে নিয়ে ছবি বানানোয়। তবে, কোনও ছায়া-ছায়া ব্যাপার-স্যাপার নয়, সাফ জানাচ্ছেন মণীশ, তাঁর ছবি যা ঘটেছে বাস্তবে, তাই নিয়েই হবে।
অবশ্য ইন্দ্রাণী আর শিনার ঘটনা যে ভাবে বাড়িয়ে দিয়েছে খবরের চ্যানেলগুলোর টিআরপি, তা দেখে উৎসাহিত হয়েছে ছোটপর্দাও। নিশ্চিন্ত থাকুন, অপরাধমূলক সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ধারাবাহিকে অচিরেই হাজির হবেন মা-মেয়ে। চোখ রাখুন, কে বলতে পারে, ‘সাবধান ইন্ডিয়া’ বা ‘ক্রাইম পেট্রল’ ইন্দ্রাণী-শিনাকে নিয়ে কয়েকটা এপিসোড এই দেখাল বলে!-আনন্দবাজার পত্রিকা।


