কুমিল্লায় মাইক্রোবাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকায়।
আহতরা হলেন- ফেনী ফুলগাজী উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের কুয়েত প্রবাসী মোতালেব হোসেন (৩৫), মো.জাকির হোসেন(৪০), রেগু বিবি (৬০), আজাদ (২৪), নাছিমা আক্তার (২৬), আছিয়া বেগম (২৮) ও ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের সুমি (১৭)। এদের মধ্যে সুমি ও রেগু বিবির অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ি ইনচার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান জানান, কুয়েত প্রবাসী মোতালেব দীর্ঘদিন পর ছুটিতে দেশে আসায় তার আত্মীয়-স্বজনরা বিমানবন্দর থেকে মাইক্রোবাসে তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এসময় সাত যাত্রী আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


