কলেজপড়ুয়া ছাত্রীকে প্রতিনিয়তই নানাভাবে হয়রানি (টিজিং) করার দায়ে পটুয়াখালীর গলাচিপায় এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরের আগে ইভটিজিংরত ওই যুবককে হাতে নাতে আটক করে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বের ভ্রাম্যমাণ আদালত।
দন্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে উপস্থিত সবাই সাক্ষ্য দিয়েছে। দণ্ডিত সিদ্দিকুর রহমান গলাচিপার মাঝগ্রামের বালু হাওলাদারের পুত্র৷
এই বিচার প্রক্রিয়া সম্পর্কে ফেসবুক স্ট্যাটাসে জানান কাজী সায়েমুজ্জামান। তিনি বলেছেন, স্থানীয় চিকনিকান্দি কলেজের ২য় বর্ষের একজন ছাত্রীকে গত ছয় মাস ধরে এক বখাটে প্রেম নিবেদন অার জোরাজুরি করছে বলে অভিযোগ আসে। বখাটের যন্ত্রনায় মেয়েটির কলেজে এবং প্রাইভেট পড়তে যাওয়া বন্ধ হয়ে যায়৷ স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের কাছে বিচার দিয়েও কোন লাভ হয়নি৷
সায়েমুজ্জামান আরো বলেন, তাদের কথা থোড়াই কেয়ার করেছে জেলখাটা এই বখাটে ৷ তার কথা হলো- তার স্ত্রী ছেড়ে গেছে ৷ এখন এই মেয়েকে লাগবে৷
অবশেষে মেয়েটি কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করে৷ কলেজের গভর্নিং বডি বখাটেকে নিষেধ করে৷ এরপরও সে মেয়েটির পিছু ছাড়েনি৷ পরে কলেজের অধ্যক্ষ অভিযোগটি প্রশাসনের কাছে পাঠিয়ে দেন৷
শুক্রবার সকলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মেয়েটির পথরোধ করা হলে মোবাইল কোর্টের নির্দেশে টেম্পুস্টান্ডে তাকে অাটক করা হয়৷ ঘটনাস্থল টেম্পুস্টান্ডেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷


