‘চেইন স্মোকার’ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার ভোরে খুব অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে রাজধানীর বারডেম হাসপাতালে আনা হয় বলে তার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন।
শুক্রবার তিনি বলেন, “চিকিৎসকরা মন্ত্রীকে আইসিইউতে রেখেছেন। সেখানে তার নিয়মিত চিকিৎসা চলছে।পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিনি কখন ছাড়া পাবেন সে বিষয়ে চিকিৎসকরা কিছু বলেননি।”
এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল ৬৬ বছর বয়সী মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যায় দুই বেলা ইনসুলিন নিতে হয় মন্ত্রীকে।
প্রসঙ্গত, মহসীন আলী একজন ধূমপায়ী। তিনি স্বাভাবিকের চেয়েও অনেক বেশি ধূমপান করেন বলে তার সঙ্গে চলাফেরা করা নেতাকর্মীরা জানান।


