বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু হত্যার আসামি ক্যাপ্টেন মাজেদের সম্পত্তি বাজেয়াপ্ত

BHOLA-PICজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ক্যাপ্টেন আবদুল মাজেদের ঘরবাড়িসহ সম্পত্তি আদালতের নির্দেশে বাজেয়াপ্তের পর দখলে নিয়েছে ভূমি প্রশাসন। দীর্ঘ ৪০ বছর পর, আত্মস্বীকৃত এ খুনির সম্পত্তি দখলে নেয়ায় সন্তোষ প্রকাশ করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।  এদিকে, বাজেয়াপ্তকৃত সম্পত্তি মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে বরাদ্দের দাবি মুক্তিযোদ্ধা সংসদের। তবে, আইনি প্রক্রিয়ায় সম্পত্তি ব্যবহারের কথা জানিয়েছে প্রশাসন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট, ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে কিছু বিপথগামী সেনার হাতে শহীদ হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশুপুত্র রাসেলসহ পরিবারের ২১জন। ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ডের দীর্ঘ ২১ বছর পর, ১৯৯৬ সালে ২৭ জনকে আসামি করে মামলা করা হয়। এরপর ২০০১ সালের ৩০ এপ্রিল উচ্চ আদালত, ১২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি সাবেক ক্যাপ্টেন আবদুল মাজেদ বিদেশে পলাতক থাকায় তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। এ নির্দেশের প্রেক্ষিতে, চলতি বছরের ১৮ আগস্ট  ভোলার বোরহানউদ্দিনের কুতুবা, বাটামারা ও কুড়ালিয়া মৌজার বাড়িঘরসহ ১৩ একর ১৬ শতাংশ জমি বাজেয়াপ্ত করা হয়। এরপরই স্থানীয় প্রশাসন দখলে নেয় সে সম্পত্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, ‘ক্যাপ্টেন মাজেদের স্থাবর জমিতে সাইনবোর্ড টানানো হয়েছে যাতে সাধারণ কেউ অযাচিতভাবে দখলে নিতে না পারে।’ এদিকে, দ্রুত মাজেদকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে, বাজেয়াপ্তকৃত জমিতে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। তবে, জেলা প্রশাসন বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে।

জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, ‘তার জব্দকৃত জমি কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে সরকারের সঙ্গে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিবো।’ বঙ্গবন্ধু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি কার্যকর হয়েছে। আর, আবদুল মাজেদসহ পলাতক ৬ জনকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে সরকার।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন