পাবনায় পুলিশ হত্যা মামলার পলাতক আসামি ইউসুফ ওরফে লতিফকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। সে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা সর্বহারা দলের আঞ্চলিক নেতা। পুলিশ সদর উপজেলার শালাইপুর গ্রাম থেকে শনিবার বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে। ইউসুফ বেড়া উপজেলার ঢালারচরের চর খলিলপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।
গ্রেপ্তারের খবর নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, দীর্ঘদিন ধরে পলাতক ইউসুফ ওরফে লতিফ সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার ইউসুফ ওরফে লতিফ ১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর বেড়া উপজেলার ঢালারচরে এসআই হেদায়েতসহ চার পুলিশ হত্যা ও ২০১০ সালের ২০ জুলাই একই এলাকায় তিন পুলিশ সদস্য হত্যামামলার আসামি। তার বিরুদ্ধে পাবনা সদর, বেড়া, সুজানগর, রাজবাড়ী সদর ও পাংশা থানায় হত্যা, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে পাবনার আমিনপুর থানায় ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলা সর্বহারা দলের আঞ্চলিক নেতা। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।


