যারা সংখ্যালঘুদের ওপর হামলা করে তারা কাপুরুষ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের ওপর হামলার রাজনীতিতে বিশ্বাস করেন না। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। বর্তমান সরকার সব ধর্মের মানুষের সব ধরনের অধিকার রক্ষায় সচেষ্ট।
মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে শনিবার বিকালে রাজধানীর পলাশীর মোড়ে আয়োজিত ‘ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ১৪২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এই মিছিলের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম।
মিছিলটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির হয়ে পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট জাতীয় প্রেস ক্লাব-পল্টন-শহীদ নূর হোসেন স্কয়ার-গোলাপ শাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায়সাহেব বাজার-বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হয়।


