নিউমোনিয়ায় আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন তিনি। মন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
রোববার বিকেলে মন্ত্রীর ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিনের বরাত দিয়ে খবরটি জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদ রোগের সমস্যা নিয়ে চার দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানোর কথা থাকলেও সিঙ্গাপুরে পৌঁছে পারিবারিক সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মন্ত্রীকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাইদুল ইসলাম জানান, মন্ত্রী গত ২ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায় তার নির্ধারিত সরকারি সফর শেষে ফিরে ৩ সেপ্টেম্বর ভোর ৪টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তিনি নিজেই ড্রাইভারকে ডেকে বারডেম হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেন।
গত ৩ ও ৪ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তার অবস্থার উন্নতি না হলে ৫ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় মন্ত্রীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ছোট মেয়ে ছাড়াও মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিন রয়েছেন।


