অসংখ্য খানাখন্দ আর গর্তে ভরে গেছে ঢাকা-রংপুর মহাসড়ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্যাপুরের ধাপেরহাট পর্যন্ত যানবাহন চলছে শম্বুক গতিতে। দফায় দফায় সংস্কার করেও ব্যর্থ হয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মহাসড়কটির ডিজাইন লাইফ শেষ হয়ে যাওয়ায় পুন:নির্মাণের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-রংপুর-বগুড়া মহাসড়ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে শুরু করে সাদুল্যাপুরের ধাপেরহাট পর্যন্ত খানা খন্দক আর গর্তের কারণে মহাসড়কটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কখনো থেমে থেমে আবার কখনো এঁকেবেঁকে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রী ও চালকদের। আর প্রায়ই খাদে পড়ে যানবাহন বিকল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।
এই মহাসড়কে প্রতিদিন প্রায় ১০ হাজার গাড়ী চলাচল করে। এলাকাবাসীর অভিযোগ, সড়ক বিভাগ সংস্কারের নামে দায়সারা গোছের কাজ করায় তা টেকসই হয় না।মহাসড়কটিতে ধাপেরহাট থেকে ফাঁসিতলা এলাকায় চলতি বছর এ পর্যন্ত ৩ দফা মেরামত করেও কোন লাভ হয়নি। এ বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, ‘৮০’র দশকে নির্মিত এই মহাসড়কটি পুন:নির্মাণ করা জরুরি।’ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্যাপুর পর্যন্ত গাইবান্ধা অংশে ৩৩ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-রংপুর মহাসড়ক।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


