বুধবার ৪ নভেম্বর ২০২৬

মারামারির মামলায় সালাউদ্দিন কাদেরের ছেলের জামিন

Hummam+Chowdhury_Sযুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ধানমণ্ডি থানার একটি পুরাতন হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল আলম শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালতে হুমামের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ। তিনি বলেন, “আমার মক্কেল নির্দোষ। হুম্মাম কাদের চৌধুরীর মারামারিতে কোনো অংশগ্রহণ করেন নেই।”

এর আগে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তারি পরোয়ানা বলে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাঁকে ধানমণ্ডির বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে। জামিন চাওয়া হলে বিচারক আজ শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের জুলাই মাসে দণ্ডবিধির ৩২৩ ও ৩০৭ ধারায় ধানমণ্ডি থানায় হুম্মামের বিরুদ্ধে মামলাটি করা হয়। সে মামলায় ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০০৮ সালের জুলাই মাসে ধানমণ্ডি থানায় দায়ের করা এই মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

শনিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে ওই মামলায় হুম্মামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

হুম্মামের বিরুদ্ধে তার বাবা সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলাও রয়েছে। ওই মামলায় তার মা ফারহাত কাদের চৌধুরীও অভিযোগপত্রভুক্ত আসামি।

ওই যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায়ে গত ২৯ জুলাই আপিল বিভাগ সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল রাখে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে হুম্মাম পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।

আরও পড়ুন