কুমিল্লার চান্দিনায় ১ হাজার ২৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তাদেরকে বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ফারুক (২৪) ও লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রাজু (২৫)।
রোববার সকাল পৌনে ১০টায় চান্দিনার বল্লারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুর ১টায় ইলিয়টগঞ্জ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করেন হাইওয়ে পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম রেজা (বাংলাদেশ পূর্বাঞ্চল)।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল পৌনে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-৩৯-১৭১২) থামার সংকেত দিলে গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে চান্দিনা উপজেলার আঞ্চলিক সড়ক পথে পালানোর চেষ্টা করে। পুলিশও প্রাইভেটকারটির পিছু নিলে মহাসড়ক থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চান্দিনা উপজেলার মাইখার ইউনিয়নের বল্লারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। এ সময় চালক ফারুক ও সহযোগী রাজুকে আটক করা হয়। পরে পৌনে ১০টায় রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হলে পুলিশ গাড়িতে থাকা ১ হাজার ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুয়াগাজী এলাকা থেকে প্রাইভেটকারে করে তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যাচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবদে স্বীকার করেছেন।


