ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার বিক্রি করে দিচ্ছে ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা দুবাই ইসলামী ব্যাংক। ৩০ লাখ শেয়ারের মধ্যে ২৯ লাখ শেয়ারই বিক্রির ঘোষণা দিয়েছে বিদেশি এই ব্যাংকটি।
সোমবার ডিএসই’র ওয়েবসাইটে তথ্যটি জানানো হয়।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে এসব শেয়ার বিক্রি করা হবে। এর আগে অগাস্টেও একই ব্যাংকের ৩৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার ছেড়ে দেয় দুবাই ইসলামী ব্যাংক।
১৯৮৩ সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছিল দুবাই ইসলামী ব্যাংক। সে সময় ৬৮১টি শেয়ার কিনে উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছিল এই আর্থিক প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে ১৯৯০, ১৯৯৬, ২০০০ ও ২০০৩ সালে রাইট শেয়ার ক্রয় ও বোনাস লভ্যাংশ পেয়ে প্রতিষ্ঠানটির শেয়ারের পরিমাণ বা বিনিয়োগ বেড়ে যায়।


