সম্প্রতি আমেরিকার একটি গবেষণা সংস্থা দেখিয়েছে, দেশের ৬৬ শতাংশ মানুষ শেখ হাসিনা সরকারকে সমর্থন করে। তার মানে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। বলেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে একথা তিনি বলেন। জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা পরিচালনা করেন এ মানববন্ধন।
হাছান বলেন, বিএনপি-জামায়াতের অপরাজনীতি সত্ত্বেও বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। সহিংস রাজনীতির ফলে বিএনপি জামায়াতের জনপ্রিয়তা তলানিতে পড়ে গেছে। আর এ জন্যই তাদের গাত্রদাহ। আরও বলেন, খালেদা বুঝেছেন কি-না জানি না, তবে বিএনপির অনেক নেতা বুঝেছেন তাদের বর্তমান জনপ্রিয়তার অবস্থা। এজন্য তারা ভিন্ন সুরে কথা বলছেন।
অপরাজনীতি ছেড়ে দিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নতুন করে রাজনীতি শুরু করার আহ্বান জানিয়েছেন হাছান। বলেন, নিজেদের নতুন করে ঢেলে সাজান, নতুন নেতৃত্ব আনুন।


