বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

army--গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারী আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ প্রদীপ চাকমা নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার ভোর ৬টার দিকে নৌকাছড়া এলাকার আরমগীর টিলা সাধু চন্দ্র পাড়া থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্বার করা হয়। সন্ত্রাসীদের আস্তানাটি ইউপিডিএফ’র হতে পারে বলে নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের ধারণা।

উদ্বারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- ১টি মেশিন গান, ২টি এসএমজি, ২টি এসএলআর ও প্রায় দেড়শ রাউন্ড গুলি। তবে প্রদীপ চাকমা আঞ্চলিক কোন রাজনৈতিক দলের সদস্য সে সম্পর্কে সেনাবাহিনী নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি।

খবরটির সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাসির-উল-হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টা থেকে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে দীঘিনালা জোনের সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। সেনা অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কিছু গুলিবিনিময় হয়। তবে এখনো অভিযান চলছে। অভিযান শেষ হলে আটককৃত সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই সেনা কর্মকর্তা।

দীঘিনালা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সেনা অভিযানের কথা শুনেছি। তবে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

আরও পড়ুন