সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বলেছেন, জনস্বার্থে সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা এখনও আছে। তাই চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সিলেটের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আশরাফ বলেন, ‘বিশেষায়িত পদে ও যে সব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সে সব সংস্থায় উপযুক্ত অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা/কর্মচারী এবং বেসরকারি ব্যক্তির মধ্য থেকে বিশেষ যোগত্যসম্পন্ন ব্যক্তিদের সরকার জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। আরো বলেন, প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে যে সব দফতর/সংস্থায় দ্রুত জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয় না। তাই ওই সব দফতর/সংস্থায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের চুক্তিভিক্তিক নিয়োগ দিয়ে জনবল সংকট নিরসনে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা করা হয় বলে জানান জনপ্রশাসন মন্ত্রী।
মন্ত্রী জানান, বর্তমানে জনপ্রশাসনে চারজন সচিব, ১০৮ জন যুগ্ম-সচিব এবং উপ-সচিব হিসেবে ১৮৬ নারী কর্মরত আছেন। ুএছাড়া দেশের তিন জেলায় জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন আরও তিন নারী।
কক্সবাজারের সংরক্ষিত আসনের এমপি বেগম পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নারী, পুরুষ নির্বিশেষে পদোন্নতি ও পদায়ন একটি স্বাভাবিক দৈনন্দিন রুটিন কাজ। এই সংখ্যার হ্রাস/বৃদ্ধিও একটি চলমান প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর পর্যন্ত মাতৃকালীন ছুটি, শিক্ষা ছুটি, লিয়েন ও প্রশিক্ষণ ইত্যাদি কারণে ৪১ নারী কর্মকর্তা ওএসডি হিসেবে আছেন বলে জানান আশরাফ।


