বুধবার ৪ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামীর আপিল ৩ নভেম্বর পর্যন্ত মুলতবী

nizaমানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা আপিল ৩ নভেম্বর পর্যন্ত মুলতবী করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ বুধবার দুপুর দেড়টার দিকে শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে নিজামীর করা আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য রাষ্ট্র এবং আসামি উভয়পক্ষকে নির্দেশ দেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির  আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে প্রথমে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ১৮ আগস্ট আপিল শুনানির প্রস্তুতির জন্য আদালতের কাছে ৮ সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন নিজামীর আইনজীবীরা। সেদিন তার পক্ষে এ আবেদনটি জমা দেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। আজ বুধবার সে আবেদন খারিজ করে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে।

এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি নিজামীর আপিলের সার-সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যাসহ সুপিরিয়র রেসপন্সিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ৮টি অর্থাৎ ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হয় ট্রাইব্যুনালের রায়ে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন