আগামী ২৪ নভেম্বরের পর মেশিন রিডেবল পাসপার্ট (এমআরপি) ছাড়া কোনো প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপুমনি।
বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে এ কথা বলেন তিনি। এমআরপি কার্যক্রম পরিদর্শন করতে কমিটির একটি প্রতিনিধিদল বর্তমানে সৌদি সফর করছে। বুধবার দুপুর একটার দিকে দূতাবাসের শিফাস্থ কনস্যুলার ভবনে যান প্রতিনিধিদলের সদস্যরা।
দীপুমনি বলেন, এমআরপি কিংবা হাতে লেখা এমনকি শুধু একটি ট্রাভেল ডকুমেন্টস দিয়েও প্রবাসীরা দেশে যেতে পারবেন। কিন্তু ২৪ নভেম্বরের পর এমআরপি ছাড়া অন্যদেশে প্রবেশ করতে পারবেন না। ইতোমধ্যে সৌদি আরবে এমআরপির জন্য আবেদন জমা দিয়ে পেপার সংগ্রহ করেছেন তাদেরও ২৪ নভেম্বরের মধ্যে সৌদিতে প্রবেশ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (আইসিএও) গাইডলাইন অনুযায়ী নভেম্বর থেকে এমআরপি ছাড়া ভ্রমণ করা যাবে না। তবে অনেকে আশঙ্কা করছেন, এ নিয়মের ফলে সৌদি থেকে ছুটিতে যাওয়া লক্ষাধিক বাংলাদেশিকে বড় ধরনের সমস্যায় পরতে হবে।


