বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্রিকেটার শাহাদাত দেশের ভাবমূর্তি নষ্ট করেছে: বিসিবি

Captureজাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগ উঠায় বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান এসকে সোহেল। তিনি বলেছেন, ‘ক্রিকেটাররা সমাজের-দেশের আইডল। তাদের দেখে মানুষ শিখবে। শাহাদাতের এমন কাণ্ডে বিসিবি তথা পুরো দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।

খন্দকার মোজাম্মেল হক নামে স্থানীয় এক সাংবাদিক বাদী হয়ে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার অপর আসামি শাহাদাতের স্ত্রী নিত্য শাহাদাত।

স্ত্রীসহ পলাতক আছেন শাহাদাত। তাকে খুঁজছে পুলিশ। শুধু দেশের মিডিয়াই নয়, বিদেশি বেশ কিছু মিডিয়াতেও এসেছে শাহাদাতের ঘটনাটি। শাহাদাতের এমন কাণ্ডে বিব্রত এখন পুরো দেশ।

শাহাদাত-ইস্যুতে বিসিবির অবস্থান কী? এমন প্রশ্নে সোহেল জানান, ‘এখানে বিসিবির কিছু করার নেই। বিসিবি তো এই বিষয়টার সঙ্গে জড়িত নয়। এটা সিভিলিয়ান একটা ব্যাপার। আইন আছে, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

সামনে জাতীয় ক্রিকেট লিগ। এবারের লিগে শাহাদাত খেলতে পারবে কী না? জবাবে বিসিবি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় অবশ্যই খেলতে পারবে। কারণ, তার তো ক্রিকেট বা খেলার ক্ষেত্রে এমন কোনো আচরণ হয়নি। এটা আলাদা এবং তার ব্যক্তিগত ব্যাপার। এটার সাথে ক্রিকেটের কোনো সংশ্লিষ্টতা নেই।’

জাতীয় লিগে শাহাদাত খেলতে আসলো তখন পুলিশ তাকে ধরে নিয়ে গেল। তখন কি হবে? এ প্রশ্নে সোহেল বলেন, ‘এখনো তো তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর তখন দেখা যাবে। যদি ওয়ারেন্ট হয় তখন বোর্ড আছে, ডিসিপ্লিন আছে, কিছু একটা করা যাবে।’

এদিকে বুধবারের মতো বৃহস্পতিবারও বিসিবিতে এসেছিলেন ক্রিকেটার শাহাদাত হোসেনের বাবা-মা। বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন তারা। শাহাদাতের বাবা-মা সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘শাহাদাত এমন ছেলে না। তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’

আরও পড়ুন