বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্রুইফের শেষ, শুরু হচ্ছে লোপেজ অধ্যায়

couifবাংলাদেশের ফুটবলে শেষ হলো লোডউইক ডি ক্রুইফ অধ্যায়। বুধবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ডাচ ম্যান ক্রুইফ। আর মামুনুল-এমিলিদের নতুন কোচ হতে যাচ্ছেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। আজ বাফুফের নির্বাহী কমিটির সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগেই শোনা গিয়েছিল গুঞ্জন। আর মঙ্গলবার জর্ডানের বিপক্ষে মামুনুলদের বড় হারের পর সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়ার দিকে আরো এগিয়ে যায়। জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে লোডউইক ডি ক্রুইফকে। তবে কে হবে লোডউকের উত্তরসূরি। বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের নতুন সম্ভাব্য কোচ ইতালিয়ান ফ্যাবিও লোপেজের সঙ্গে বৈঠক করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কিন্তু তখন যেন মুখে কুলুপ এটেছিল এই বাফুফে কর্তারা।

তবে সন্ধ্যায় সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এক সভা শেষে লোডইক নিজেই গণমাধ্যমে জানান, মামুনুলদের দায়িত্বে আর থাকছেন না এই ডাচম্যান। ফলে বাংলাদেশের ফুটবলের সঙ্গে এই কোচে তিক্ত-মধুর সোয়া দুই বছরের সম্পর্কের অবসান হলো।

এদিকে বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে হবেন তা বৃহস্পতিবারের নির্বাহী কমিটির সভায় নির্ধারিত হবার কথা থাকলেও দায়িত্ব যে লোপেজই পেতে যাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ৪২ বছর বয়সী এই ইতালিয়ান খেলোয়াড় জীবনে ছিলেন একজন গোলরক্ষক। ইতালিয়ান জায়েন্ট এএস রোমার একাডেমির হয়ে খেলার পাশাপাশি ছিলেন কোচও। তবে এরপর ইন্দোনেশিয়ার লিথুনের বেশকিছু ক্লাবের কোচিং করিয়েছেন লোপেজ। সবশেষ মালদ্বীপের ক্লাব বিজি স্পোর্টসের দায়িত্ব পালন করেন তিনি। কখনো কোনো জাতীয় দলের দায়িত্ব পালন না করলেও মামুনুলদের দায়িত্ব নিয়ে কতটা সাফল্য পান এই ইতালিয়ান, তাই এখন দেখার।

ক্রীড়া প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন