১১ বছর আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজু ঝাকড়া গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন।
বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম ইমন (৩৫) ওই গ্রামের মো. গফুরের ছেলে। রায় ঘোষণার সময় ইমন আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি পলাতক সৌরভকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
২০০৪ সালের ২৫ নভেম্বর রাজধানীর পল্লবীর বাসায় ওই হত্যাকাণ্ড হয়। ইমন মাত্র ২০ হাজার টাকা যৌতুকের জন্য তার স্ত্রী নীলফামারীর সৈয়দপুর থানার দলুয়া চৌধুরী পাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকাকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করেন।
নিহতের বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়ার পর ইমন আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
২০০৫ সালের ৭ এপ্রিল পল্লবী থানার এসআই আব্দুল খালেক আদালতে অভিযোগপত্র দেন। মোট সাতজনের সাক্ষ্য শুনে আদালত এ রায় ঘোষণা করে।


