বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘অর্থমন্ত্রীকে রাস্তায় নেমে জনগণের পকেট কাটতে হবে’

Goyesshor-Chondro-Ray-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাজেট ঘাটতি মেটাতে এরপর অর্থমন্ত্রীকে রাস্তায় নেমে জনগণের পকেট কাটতে হবে। শুক্রবার দুপুরে জাতীয়  প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। ২০০৭ সালে ৩ সেপ্টেম্বর কারাবন্দি হয়ে ৩৭২ দিন কারাবাস শেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান।

ভ্যাট আরোপকে সরকারের বৈষম্যনীতির ফসল মন্তব্য করে গয়েশ্বর বলেন, আমরা বলতে চাই- শিক্ষার অধিকার সবার। রাষ্ট্রকে প্রত্যেকের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এখানে বৈষম্য কেন? তিনি অভিযোগ করে বলেন, ছেলে-মেয়েদের জিপিএ ফাইভ দিতে দিতে বস্তাভর্তি, তারা মাথায় করে নিতে পারে না। জিপিএ ফাইভ পাওয়ার পরেও তারা ভর্তি হতে পারে না। এ জিপিএ ফাইভ দিয়ে তারা কি আঁচার খাবে? তারা মেধাবী শিক্ষার্থী, তাদের ভর্তি হওয়ার অধিকার দেবেন না?

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকারি প্রতিষ্ঠান কয়টা আছে যে, সেখানে ১০/২০ টাকা বেতনে পড়বে। পাবলিক বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে শতকরা ২৫ ভাগ শিক্ষার্থীদের আসন দিতে পারছে না সরকার। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে পড়াতে মা-বাবাকে কত টাকা খরচ করতে হয়, মাসে কত টাকা বেতন দিতে হয়। শেষ পর্য্ন্ত অর্থমন্ত্রীর চোখটা পড়ছে ওইদিকে।

বিশাল অংকের বাজেটের ঘাটতি পূরণে অর্থমন্ত্রী শিক্ষায় ভ্যাট আরোপ করেছেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, এতো বড় বাজেটের অর্থ আসবে কোত্থেকে? এখন জনগণের পকেট মারা আর ছিনতাই করা ছাড়া তো সরকারের আর কোনো কাজ নেই। টাকা তো তুলতে হবে। তিনি বলেন, ছাত্রই কী শিশুই কী? যদি এমনও হয়, যেসব মাতৃসদন আছে, যেখানে শিশু প্রসব হয়, সেখানেও ভ্যাট বসালে অস্বাভাবিক ভাবার কিছু নেই। কিছুদিন পর অর্থমন্ত্রীকে কাঁচি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জনগণের পকেট কাটতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ওই ভ্যাট আরোপ না করে সরকারকে বলবো- হাসানুল হক ইনু, কামরুল ইসলামের মুখের ওপর ভ্যাট আরোপ করেন। যত কথা তারা বলে, ভ্যাট ধরেন ভালো একটা রাজস্ব ইনকাম আপনারা (সরকার) পাবেন।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, খেলাফত আন্দোলনের মাওলানা শোয়েব আহমেদ, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন