বুধবার ৪ নভেম্বর ২০২৬

আগামী বছর থেকে শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে

1409138953_786চলতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। তবে আগামী বছর থেকে দিতে হবে। বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে বাংলাদেশ বিজিনেস অ্যাওয়ার্ড-২০১৪ প্রদান অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আরোপিত ভ্যাট এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে যেহেতু প্রথম বছর হিসেবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাই এ বছরের জন্য আমরা তা মেনে নিয়েছি। এ বছর শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভ্যাট পরিশোধ করবে। কিন্তু পরবর্তী বছর থেকে শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে।

মুহিত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন হাত-খরচ হিসেবে এক হাজার টাকা ব্যয় করে, মাসে ৩০ হাজার টাকা। কিন্তু আমরা চাচ্ছি মাত্র ৭৫ টাকা। এটা দিতে কোনো সমস্যা তো দেখি না আমি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করায় গত বুধবার থেকে রাজধানীর কয়েকটি রাস্তায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

আন্দোলনের মুখে শুক্রবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট পরিশোধ করার দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীর নয়। বিদ্যমান টিউশন ফি’র মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়বে না।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাও বলেন, ভ্যাট শিক্ষার্থীরা নয়; দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন