বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভ্যাট আদায় হবে, তবে ফি বাড়ানো যাবে না: রাজস্ব বোর্ড

BNRবেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনয়ারিং কলেজের উপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের জন্য শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাড়ানো যাবে না বলে বিবৃতিতে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে ভ্যাট হিসাব করবে তাও বিবৃতিতে উল্লেখ করে দেয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ভ্যাটের হিসাব প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ধরা যাক কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রতি সেমিস্টারের ফি ৫০,০০০/- টাকা। ভ্যাট আরোপের পরও সে ফি ৫০,০০০/- টাকাই থাকবে। সরকারি নির্দেশনা অনুয়ায়ী তা বৃদ্ধি করা যাবে না।

এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য ভ্যাট হিসাব করার পদ্ধতিটিও উল্লেখ করা হয়েছে। যেখানে ৫০ হাজার টাকা ফি এর জন্য ভ্যাট নির্ণয় করার প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে: ভ্যাট = ৫০০০০* ভ্যাট ফ্যাক্টর = ৫০০০০* (৭.৫/(১০০+৭.৫)) = ৫০০০০ * ৭.৫/১০৭.৫ = ৩,৪৮৮.৩৭ টাকা।

শিক্ষার্থীরা আগের মতো এ ক্ষেত্রেও ৫০,০০০ টাকাই পরিশোধ করছেন উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা থেকে ৩, ৪৮৮.৩৭ টাকা সরকারি কোষাগারে পরিশোধ করবে।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ না করলেও সরকার বিশ্ববিদ্যালয় হতে ৩,৪৮৮.৩৭ টাকা পেলো যা দেশের উন্নয়ন কাজে সরকার ব্যয় করবে এবং তার সুবিধা উক্ত ছাত্র-ছাত্রীসহ সবাই ভোগ করবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আরেকটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না মর্মে ব্যাখা দিয়েছিলো এনবিআর।
এদিকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর থেকে ‘বাড়তি করের বোঝা’ সরানোর দাবিতে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে ‘নো ভ্যাট অন এডুকেশন’ স্লোগানে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২ টায় একটি প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জ্যোতির্ময় চক্রবর্তী।

শনিবার থেকে সোমবার, এই তিনদিন চলবে ধর্মঘট। নো ভ্যাট অন এডুকেশনের এই কর্মসূচীর পাশাপাশি ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি।

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে মশাল মিছিলের ডাকও দিয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনে গত বুধবার দুপুরের দিকে ইস্টওয়েস্ট ইউনিভারসিটির শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেসময় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার মাশফিকুর রহমান ও একজন শিক্ষক ছাড়াও অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। এরপরেই রাজধানীসহ সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশের গুলিবর্ষণের ওই ঘটনার প্রতিবাদে বুধবার বিকাল থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। সেদিন রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে তারা। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ঢাকায় বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী।

চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি’র ওপর প্রথমে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। পরে তা কমিয়ে করা হয় সাড়ে সাত শতাংশ।

এই বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতেই সোচ্চার শিক্ষার্থীরা।

আরও পড়ুন